ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে যুদ্ধবিরতি করতে ইসরায়েলকে বাধ্য করা হয়। শক্তিশালী কূটনৈতিক প্রচেষ্টার জন্যই এটা সম্ভব হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, হিজবুল্লাহকে লক্ষ্য করে বা লেবাননের অন্যান্য ফ্রন্টগুলোতে আক্রমণ করার কোনো অধিকার ইসরায়েলের নেই।
এসময় ইরানের মর্যাদা এবং গর্ব অক্ষুণ্ন রেখে নিবেদিতভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান পেজেশকিয়ান।
তিনি বলেন, ইরান পরমাণু অস্ত্র চায় না, একইসঙ্গে এই অঞ্চলে অস্থিরতা বা সন্ত্রাসবাদও চায় না। তেহরান তার ভূখণ্ডের অখণ্ডতা মর্যাদার সঙ্গে এবং আইনি কাঠামোর ভেতরে থেকে রক্ষা করে শান্তি চায়।
তিনি আরও বলেন, ইরান তার নীতিমালা এবং অবস্থানের ওপর দৃঢ় থাকবে, বিষয়টি অন্য পক্ষকে বুঝতে হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আমাদের সামরিক কমান্ডার, রাজনীতিবিদ, বিজ্ঞানী এবং শিক্ষার্থীদের হত্যার মাধ্যমে এই বৃহত্তর অঞ্চলকে বিশৃঙ্খলা এবং যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে।