রবিবার, ২৪ মে ২০২৬
রবিবার, ২৪ মে ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
আন্তর্জাতিক

দুই দেশের সীমান্তে ইসরায়েলের হামলা

দুই দেশের সীমান্তবর্তী এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির মধ্যেও এ হামলা চালানো হয়েছে। এতে সিরিয়া সীমান্তসংলগ্ন এলাকা এবং দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামকে নিশানা করা হয়েছে।

শনিবার (২৩ মে) আলজাজিরা-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার মধ্যরাতের কিছু আগে ব্রিতালের উপকণ্ঠে পাহাড়ি নবি স্রেইজ এলাকায় ইসরায়েল পাঁচটি বিমান হামলা চালিয়েছে। গত ১৭ এপ্রিলের পর থেকে এলাকাটিতে কোনো হামলা হয়নি। সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের ইয়োহমর আল-শাকিফ এবং মারজাইউন জেলার তাইবেহ শহরে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের তেবনিন হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় ভবনটির তিনটি তলাই ক্ষতিগ্রস্ত হয়। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এতে জরুরি বিভাগ, নিবিড় পরিচর্যা ইউনিট, অস্ত্রোপচার বিভাগ এবং বাইরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার রাত থেকে ইসরায়েলি সেনাবাহিনী তাদের আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদরাই-এর মাধ্যমে দক্ষিণ লেবাননের বুর্জ রাহাল গ্রাম এবং টাইর ও জকুক আল-মুফদি এলাকা খালি করার নির্দেশ দেয়। দক্ষিণ লেবাননের টাইর শহর থেকে আল জাজিরার প্রতিবেদক ওবাইদা হিত্তো জানান, তিনি ইসরায়েলের নির্ধারিত ৫০০ মিটার বিপদসীমার কাছাকাছি অবস্থান করছেন। তিনি বলেন, এখানে অ্যাম্বুলেন্স রয়েছে। উদ্ধারকারী দলও আছে। আজ সন্ধ্যায় জোরপূর্বক এলাকা ত্যাগের নির্দেশ পাওয়ার পর অনেকে নিজেদের বাড়িঘর ছেড়ে এখানে আশ্রয় নিয়েছেন।

আলজাজিরার এ প্রতিবেদক জানান, মানুষ আতঙ্ক ও ভয় নিয়ে এলাকা ছেড়েছে। কারণ আবার কবে নিজেদের বাড়িতে ফিরতে পারবে, তা তারা জানে না। এসব নির্দেশকে তারা সরাসরি হুমকি হিসেবেই দেখছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ মার্চ থেকে ইসরায়েল লেবাননের ওপর হামলা জোরদার করার পর এখন পর্যন্ত দেশটিতে ৩ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে তা উপেক্ষা করেই ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের শুক্রবার প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১২৩ জন চিকিৎসাকর্মী, ২১০ জনের বেশি শিশু এবং প্রায় ৩০০ জন নারী রয়েছেন।

এই সম্পর্কিত আরো