সিলেটের কৃতি সন্তান সাইফ রহমান যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষায় এক অনন্য সাফল্য অর্জন করেছেন। তিনি নিউইয়র্কের খ্যাতনামা ‘ইউনিভার্সিটি অ্যাট বাফেলো’ থেকে ব্যবসায় প্রশাসনে (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম—এমআইএস) স্নাতক ডিগ্রি লাভ করেছেন। শুক্রবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়টির সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে এই ডিগ্রি প্রদান করা হয়।
সাইফ রহমান সিলেটের ‘দৈনিক সবুজ সিলেট’-এর সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমান এবং উপ-সম্পাদক সাহরা রহমান দম্পতির জ্যেষ্ঠ পুত্র।
দীর্ঘ কয়েক বছরের কঠোর পরিশ্রম, নিবিড় গবেষণা এবং বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে তিনি এই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেন। তথ্যপ্রযুক্তি এবং ব্যবসায়িক ব্যবস্থাপনার সমন্বয়ে গঠিত ‘ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম’ বিষয়ে বিশেষ পারদর্শিতা অর্জন করেছেন তিনি।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাইফ রহমান বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি। আমার এই অর্জন বাবা-মা, আত্মীয়-স্বজন এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও দোয়ার ফল। আমি মনে করি শিক্ষা একটি চলমান প্রক্রিয়া, যা মানুষের জীবনের প্রতিটি বাঁকে নতুন নতুন অভিজ্ঞতার জন্ম দেয়।
তিনি আরও যোগ করেন, যুক্তরাষ্ট্রের মতো দেশে উচ্চশিক্ষা গ্রহণ আমার জীবনের একটি শ্রেষ্ঠ অভিজ্ঞতা। এই জ্ঞান ও অভিজ্ঞতা আগামীর পেশাগত জীবনে আমাকে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে সাহায্য করবে।
উল্লেখ্য, সাইফ রহমানের শিক্ষা প্রতিষ্ঠান ‘ইউনিভার্সিটি অ্যাট বাফেলো’ হচ্ছে ‘স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক’-এর অধীনে পরিচালিত বৃহত্তম এবং প্রধান একটি সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়।
নিজের সাফল্যের রহস্য জানিয়ে সাইফ বলেন, আমার পরিবারই ছিল আমার বড় শক্তি। বাবা-মায়ের অনুপ্রেরণা ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থন ছাড়া এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব হতো না।
সিলেটের এক সম্ভ্রান্ত সাংবাদিক পরিবারে জন্ম নেওয়া সাইফ রহমানের এই সাফল্যে সোশ্যাল মিডিয়ায় তাঁর বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরা অভিনন্দনের জোয়ারে ভাসছেন। অনেকেই তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।