সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) সন্ধ্যায় উপজেলার সাচনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সাচনা বাজার ইউনিয়নের সাচনা বাজারস্থ ‘মেসার্স শ্রী রামকৃষ্ণ ভান্ডার’ নামক একটি মুদি দোকানের পিছনের গোডাউনের দ্বিতীয় তলায় শান্ত দাস (২০) নামে এক যুবককে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। তিনি উপজেলার সাচনা দক্ষিণপাড়া গ্রামের চন্দন কুমার দাসের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী দোকানের কর্মচারী দিপু কর্মকার জানান, সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে তিনি গোডাউনের দ্বিতীয় তলায় মালামাল আনতে গেলে শান্ত দাসকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে দোকানের মালিক ও স্থানীয় বাজার কমিটির লোকজন ঘটনাস্থলে এসে জড়ো হন।
পরে নিহতের স্বজনরা এসে মরদেহটি নিচে নামিয়ে রাখেন। নিহত শান্ত দাস প্রায় ৮-৯ মাস ধরে ওই দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন এবং সেখানেই রাতযাপন করতেন। মৃত্যুর চার ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আইডি একটি ছবিতে শেষ স্মৃতি লিখে পোস্ট করেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
খবর পেয়ে জামালগঞ্জ থানার এসআই (নিঃ) পঙ্কজ ঘোষ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করেন।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।