হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামে সরকারি জমি দখল-বেদখলকে কেন্দ্র করে সংঘর্ষে মঞ্জুর মিয়া (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
রবিবার (১৯ এপ্রিল) সকালে করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মঞ্জুর মিয়া ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, খলিলুর রহমান দীর্ঘদিন ধরে সরকারি জমিতে বসবাস করে আসছিলেন। একই গ্রামের হেলাল মিয়া ও মনিরুজ্জামান ওই জমি দখলের চেষ্টা করলে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার সকালে হেলাল ও মনিরুজ্জামানের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে মঞ্জুর মিয়াসহ অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মঞ্জুর মিয়াকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে রয়েছেন সাফি মিয়া (৩২), মুজিবুর রহমান (৩২), শামিম মিয়া (৫০), মামুন মিয়া (৩১), জুনেদ মিয়া (২৮), রুহেল মিয়া (৩৮), ইমন মিয়া (১৭), কাউছার মিয়া (২২), জুয়েল আহমেদ (৩২)সহ আরও অনেকে। বাকিরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতের বাবা খলিলুর রহমান অভিযোগ করেন, “প্রায় ৫০ বছর ধরে আমরা ওই জমিতে বসবাস করছি। প্রতিপক্ষ ভাড়াটিয়া লোকজন এনে হামলা চালিয়ে আমার কলেজ পড়ুয়া ছেলেকে হত্যা করেছে।”
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া জানান, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।