রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত

টানা বৃষ্টিতে হাওরের পানি বৃদ্ধি পাওয়ায় ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কায় জামালগঞ্জ উপজেলার পাগনা হাওরের কৃষকরা স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজে নেমেছেন। স্থানীয় কৃষক, এলাকাবাসী ও জনপ্রতিনিধিসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ মাটি কেটে বস্তা দিয়ে বাঁধ নির্মাণে অংশ নিচ্ছেন।

রোববার (১৯ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, কয়েক দিনের টানা বৃষ্টিতে পাগনা হাওরের একটি অংশ ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে। উজান থেকে নেমে আসা পানিতে বিস্তীর্ণ হাওরের কাঁচা ফসল হুমকির মুখে পড়েছে।

ফসল রক্ষায় ফেনারবাঁক ইউনিয়নের লক্ষীপুর গ্রামের কৃষকরা স্বেচ্ছাশ্রমে দীর্ঘ বাঁধে মাটি ভরাট করছেন। স্থানীয়দের ভাষ্য, গত এক সপ্তাহের বৃষ্টিতে হাওরের কিছু ফসল ইতোমধ্যে তলিয়ে গেছে। নদী-খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে, ফলে ক্ষতির ঝুঁকি আরও বাড়ছে। এ অবস্থায় নিজেদের উদ্যোগেই বাঁধ নির্মাণে নেমেছেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফেনারবাঁক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদ হোসেন বাবলু, আহ্বায়ক কমিটির সদস্য মো. নবী হোসেন, প্রবীণ মুরব্বি জিয়া উদ্দিন, ইউপি সদস্য শাফায়েত উল্লাহ দয়াল, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম রানা, সমাজকর্মী জাকির হোসেন, শিপনসহ স্থানীয়রা।

স্থানীয়রা জানান, দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে হাওরের ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়বে। এ জন্য উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি বলেন, “সংশ্লিষ্ট বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত নয়। তবে হাওরের ধান রক্ষা ও মানুষের চলাচলের জন্য এটি গুরুত্বপূর্ণ। অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বাঁধটির বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই সম্পর্কিত আরো