সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, হাওরের ফসল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বড় হাওরে ধান কর্তন উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুদ রয়েছে। ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে তেলের দাম বাড়লেও সরকার সাধারণ মানুষের স্বার্থে দেশে দাম স্থিতিশীল রেখেছে। ভবিষ্যতে দাম যেন না বাড়ে সে লক্ষ্যে জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তেলের বাজারে সিন্ডিকেট প্রসঙ্গে এমপি কয়ছর আহমদ বলেন, “যারা তেলের বাজারে সিন্ডিকেট তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”
হাওরের ফসল রক্ষা প্রসঙ্গে তিনি বলেন, সুনামগঞ্জ জেলায় প্রতি বছর প্রায় ৫ হাজার কোটি টাকার ধান উৎপন্ন হয়। এই ফসল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে স্লুইস গেইট নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী বছর থেকে পর্যায়ক্রমে কাজ শুরু হতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরে তিনি দরগাপাশা ইউনিয়ন পরিষদ পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগর এবং দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।