সিলেটের বিশ্বনাথ উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা ৪০ মিনিটে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বাংলা ১৪৩৩ সালকে বরণ করে নেওয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়।
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের ব্যানারে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা ও লোকজ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি।
পরে দিনব্যাপী লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন, প্রকৌশলী আবু সাঈদ, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ রঞ্জন দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেস চন্দ্র দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ নববর্ষ উদযাপনে উপজেলার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।