পহেলা বৈশাখ ১৪৩৩ বাংলা উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে নমুনা শস্য কর্তন ও ধান কাটার উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার কালিয়া গুটা হাওরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, হাওরাঞ্চলের কৃষিই এ অঞ্চলের অর্থনীতির মূল ভিত্তি। সময়মতো ধান কাটা নিশ্চিত করতে এবং কৃষকদের উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে করে কৃষকের মধ্যে উৎসাহ বাড়বে এবং উৎপাদন বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, সরকার কৃষকদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।
কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, চলতি মৌসুমে হাওরাঞ্চলে বোরো ধানের ফলন ভালো হওয়ায় কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
উৎসবমুখর পরিবেশে স্থানীয় কৃষকরাও এ কর্মসূচিতে অংশ নেন এবং সময়মতো ধান কাটার গুরুত্ব তুলে ধরেন।