পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিমবাজার এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্যসচিব আব্দুর রহিম রিপন।
সমাবেশে বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি করে বর্তমান স্থিতিশীল পরিবেশ বিনষ্টের চেষ্টা করছে। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির নেতাকর্মীরা যেকোনো ষড়যন্ত্র রাজপথে থেকে প্রতিহত করবেন।
বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।