সিলেট নগরীর চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা ৪টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস চারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে সিলেট সরকারি ল’ কলেজের সামনে এ ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত বলে জানা গেছে।
স্থানীয় লোকজন বাসগুলোতে আগুন জ্বলতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) আফজাল হোসেন বলেন, কারা এবং কী কারণে বাসগুলোতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ।
তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।