রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে কথিত শীর্ষ সন্ত্রাসী জাকারিয়াসহ গ্রেপ্তার ২

সিলেটের কানাইঘাটে একাধিক মামলার পলাতক আসামি জাকারিয়া (৪০) ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বড়দেশ উত্তর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাকারিয়া ওই গ্রামের মৃত সমছুল হকের ছেলে। তাঁর সহযোগী এমাদ উদ্দিন (পরিচিতি: এমাদ) একই গ্রামের মতছির আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) দুর্গা কুমার দেব ও মোহন রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। জাকারিয়ার বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানা গেছে। পরে গ্রেপ্তার দুজনকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের সময় যুবলীগ নেতা পরিচয়ে জাকারিয়া বড়দেশ, বীরদল ও চতুল হাওর এলাকায় মাদক কেনাবেচা, জমি দখল, যাত্রাগান ও জুয়ার আসর বসানোসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ভয়ে এলাকার মানুষ তাঁর বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেতেন না বলেও দাবি করেন তাঁরা।

স্থানীয়দের ভাষ্য, কয়েক মাস আগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করলে কারাভোগের পর তিনি আবারও এলাকায় মাদক ও ইয়াবা কেনাবেচা, হাওর এলাকায় ধারালো অস্ত্র নিয়ে মহড়া এবং যাত্রাগানের আসর বসানোর মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এ ছাড়া সড়কে যানবাহন আটকে মালামাল লুটের অভিযোগও রয়েছে তাঁর ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।

জাকারিয়া গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তাঁরা এ অভিযানের জন্য পুলিশকে ধন্যবাদ জানান।

▐ এই সম্পর্কিত আরো