সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জামালগঞ্জ উপজেলার ভাটিলালপুর গ্রামের মো. আসাদ উল্লাহ (৪৬) ও মাহবুব আলম (২৮)।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের কাজীরগাঁও গ্রামের খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোফাখখারুল ইসলাম জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।