নেত্রকোনার কলমাকান্দা এবং সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সাধারণ জনগণের যাতায়াত সহজ ও টেকসই করার লক্ষে দুই উপজেলার সংযোগকারী একটি বারোমাসি (সর্বক্ষণের) সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মধ্যনগর ও কলমাকান্দা এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ সরকারের কাছে জোর দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, কলমাকান্দার কৃতিসন্তান, বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বিষয়টি সুদৃষ্টির সহিত বিবেচনা করে জনস্বার্থে দ্রুত এই সড়ক নির্মাণের জোরালো পদক্ষেপ গ্রহণ করবেন বলে তারা আশাবাদী।
উক্ত মানববন্ধনে মধ্যনগর থেকে কলমাকান্দা উপজেলার উন্নত যোগাযোগের জন্য প্রয়োজনীয় ব্রিজ ও কালভার্ট নির্মাণ করে পানি প্রবাহের পথ ঠিক রেখে জনগুরুত্বপূর্ণ এই সড়কটি নির্মাণের দাবি জানানো হয়।
জনস্বার্থে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন— মধ্যনগর উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আবুল বাসার, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, সদর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কামাল হোসেন, হাওর নদী রক্ষা আন্দোলনের সভাপতি আশরাফ উদ্দিন হিল্লোল, স্থানীয় বাসিন্দা বিধান তালুকদার, ডা. মুক্তাধীর হোসেন সুজন, কবি অসীম সরকার, হাওর পাড়ের কৃষক প্রণয় সরকার, অটোরিকশাচালক কাজল সরকার, শরীফ আহমেদ, শিক্ষক সুব্রত সরকার নন্দন, রাইসুল ইসলাম তপু ও স্বাস্থ্যকর্মী মেহেদী হাসান হৃদয় প্রমুখ।