‘শিক্ষা সফর’ বললেই চোখের সামনে ভেসে ওঠে শিক্ষক-শিক্ষার্থীদের আনন্দ-উল্লাস ও ঘুরে বেড়ানোর দৃশ্য। কিন্তু সেই শিক্ষা সফরের নাম ভাঙিয়ে কি না একেবারে রুদ্ধদ্বার গোপন রাজনৈতিক সভা! সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র রাতারগুলের একটি ইকো রিসোর্টে এভাবেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জেলা নেতা রনজিত সরকার গোপন সভা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সভার ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশের জালে আটক হয়েছেন এক আ.লীগ নেতা। আর এই ঘটনার জেরে রণক্ষেত্র হয়ে উঠেছে পুরো অঞ্চল।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন এই সভাস্থল শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।
যেভাবে মিলল রহস্যের জট:
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (৯ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে একটি সভার বক্তব্যের ভিডিও প্রকাশ করেন রনজিত সরকার। ভিডিওটিতে তাঁকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে এবং বর্তমান সরকারের সমালোচনা করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী।
ভাইরাল হওয়া ওই ভিডিওর সূত্র ধরে প্রযুক্তির সাহায্যে অবস্থান শনাক্ত করে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।
পরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন। পুলিশের চৌকস জেরার মুখে টিকতে না পেরে মুখ খুলেন তারা মিয়া। তিনি জানান, সভাটি সিলেটে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুল এলাকায় অনুষ্ঠিত হয়েছিল। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে তাঁকে সঙ্গে নিয়ে রাতারগুলে অভিযান চালায়।
রিসোর্ট ভাড়ার অভিনক কৌশল:
সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, তারা মিয়ার দেওয়া তথ্যের সত্যতা যাচাই করতে গিয়ে জানা যায়— গত ৮ নভেম্বর ‘শিক্ষা সফরের’ কথা বলে একজন আইনজীবী রাতারগুলের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’ ভাড়া নেন। রিসোর্টে প্রথমে শিক্ষা সফরের ব্যানারও টাঙানো হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার উপস্থিত হন। তিনি ওই ব্যানারের সামনেই দাঁড়িয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
এদিকে, ওই সভায় সশরীরে উপস্থিত থেকে রনজিত সরকারের পেছনে দাঁড়িয়ে ব্যানার ধরে রাখার দায়িত্বে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ওমর ফারুককে গ্রেফতারেও মাঠে নেমেছে পুলিশ। এরই অংশ হিসেবে জামালগঞ্জ উপজেলার লম্বাবাক এলাকায় তার বাড়িতে গভীর রাতে তল্লাশি চালানো হলেও তাঁকে পাওয়া যায়নি।
রনজিতের বাড়িতে আগুন ও বিএনপির বিক্ষোভ:
ভিডিও প্রকাশ ও সরকারবিরোধী বক্তব্যের জেরে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। এর জের ধরে সোমবার দিবাগত রাতে সিলেট নগরের গোপালটিলায় রনজিত সরকারের বাসভবনে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।
অন্যদিকে, রনজিত সরকারের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুঁসে উঠেছেন। মঙ্গলবার নির্বাচনী এলাকার মধ্যনগর, তাহিরপুর ও ধর্মপাশায় দফায় দফায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়।
সমাবেশগুলো থেকে জানানো হয়, স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নির্দেশেই ‘ফ্যাসিস্ট আওয়ামী চক্রের’ সব ধরনের গোপন ষড়যন্ত্র ও চক্রান্ত রুখে দিতে নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনায় পুরো সিলেট ও সুনামগঞ্জ জুড়ে থমথমে ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।