সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নে মেঘালয় টি এস্টেটের জমি জরিপের খবর ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে পাঁচ মৌজার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয়রা। তাঁরা মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিল, স্থানীয়দের সঙ্গে আলোচনা ছাড়া কোনো ধরনের ভূমি জরিপ বা প্রশাসনিক কার্যক্রম পরিচালনা না করা এবং সংকট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে স্থানীয় বাসিন্দারা চারিকাটা ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বনপাড়া-খেরিগুল সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি মেঘালয় টি এস্টেটের প্রধান ফটক থেকে প্রায় ২০০ মিটার দূরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিংকি সাহার উপস্থিতিতে মেঘালয় টি এস্টেটের জমি জরিপ করা হচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে তাঁরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
নাজমুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন চারিকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ জালাল আহমদ। এতে বক্তব্য দেন চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, সিলেট জেলা তাঁতী দলের সদস্যসচিব আলতাব হোসেন বিলাল, সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তফায়েল, ইউপি সদস্য মনির আহমদ, শামসুল হক, আব্দুল মালিক ও আজমল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, মেঘালয় টি এস্টেটের ইজারা ও ভূমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে পাঁচ মৌজার মানুষের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়দের সঙ্গে আলোচনা এবং জমির সীমানা নির্ধারণ (ডিমার্কেশন) ছাড়া কোনো কার্যক্রম পরিচালনা না করার জন্য তাঁরা আগেও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু স্থানীয়দের অবহিত না করে জমি জরিপের উদ্যোগ নেওয়া হয়েছে—এমন খবরে তাঁদের ক্ষোভ আরও বেড়েছে।
বক্তারা অভিযোগ করেন, মেঘালয় টি এস্টেটের জমি ইজারা দেওয়ার প্রক্রিয়ায় প্রথমে মাত্র ৩১টি পরিবারের বসবাসের তথ্য উল্লেখ করা হয়েছিল। পরবর্তী সময়ে আন্দোলনের মুখে ৩৩১টি পরিবার এবং সর্বশেষ জেলা প্রশাসকের প্রতিবেদনে ৯৩১টি পরিবারের বসবাসের তথ্য উল্লেখ করে ইজারা দেওয়া হয়। তাঁদের দাবি, ইজারার শর্ত অনুযায়ী এসব পরিবারকে উচ্ছেদ না করে প্রয়োজনে স্থানান্তরের কথা বলা হয়েছিল।
বক্তাদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে ওই এলাকায় প্রায় ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ পরিবারের বসবাস রয়েছে। উপজেলা ভূমি অফিস ও তহশিল অফিসের প্রতিবেদনেও সেখানে ১ হাজার ৮০০-এর বেশি মানুষের বসবাসের তথ্য উঠে এসেছে বলে তাঁরা জানান। এসব বিষয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করেও কাঙ্ক্ষিত প্রতিকার পাননি বলে অভিযোগ করেন স্থানীয়রা।
বক্তারা আরও বলেন, পাঁচ দশকের বেশি সময় ধরে বসবাসকারী মানুষের বসতভিটা, জীবন-জীবিকা ও ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয়দের সঙ্গে আলোচনা করতে হবে। তাঁদের মতামত উপেক্ষা করে কোনো ধরনের জরিপ, উচ্ছেদ কিংবা ভূমি দখলের চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে বসতভিটা ও মৌলিক অধিকার রক্ষায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
এ সময় স্থানীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। তাঁদের দাবি, মন্ত্রীর উদ্যোগে পাঁচ মৌজার বাসিন্দাদের সঙ্গে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এ সংকটের স্থায়ী সমাধান করতে হবে। আলোচনা ও শান্তিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো প্রশাসনিক কার্যক্রম পরিচালনা না করার আহ্বান জানান তাঁরা।
সমাবেশের শেষ পর্যায়ে সভাপতি জানান, প্রশাসনের পক্ষ থেকে তাঁদের আশ্বস্ত করা হয়েছে, মন্ত্রীর সঙ্গে আলোচনা ছাড়া ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে না। শিগগিরই মন্ত্রীর উদ্যোগে স্থানীয়দের সঙ্গে আলোচনার মাধ্যমে সংকট নিরসন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তবে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিংকি সাহা মুঠোফোনে জানান, তিনি সেখানে কোনো ভূমি জরিপ করতে যাননি; শুধু জায়গাটি পরিদর্শন করেছেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, বিক্ষোভ মিছিলের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এ ঘটনাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।