বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের কানাইঘাটে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় কানাইঘাট উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি সফল করতে দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কানাইঘাট উত্তর বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন।
পরে বিকেল ৪টার দিকে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কানাইঘাট বাজারের প্রধান প্রধান সড়ক ও গলি প্রদক্ষিণ করে বাজার ত্রিমুখী পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।
উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ উদ্দিন সাজুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আর এ বাবলুর পরিচালনায় পথসভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক আহমদ, যুগ্ম আহ্বায়ক দেলওয়ার ইসমাইল, সিলেট জেলা যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন, সেলিম রনি, গিয়াস উদ্দিন ও সাইফুর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন কানাইঘাট পৌর যুবদলের আহ্বায়ক মামুন রশিদ মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ বাদল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মারুফ আহমেদসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এ সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকেই গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি জনগণের ন্যায্য দাবি আদায়ে কাজ করে যাচ্ছে।
তারা যুবদলের নেতাকর্মীদের দলের আদর্শ ও শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পথসভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি ও কর্মসূচি সফল করায় যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।