সুনামগঞ্জের ধর্মপাশায় ইঁদুর মারার বিষ খেয়ে আতাবুর রহমান ওরফে বাবু (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের সরিষাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আতাবুর রহমান ওই গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবু তাঁর স্ত্রীকে নিয়ে প্রায় দুই বছর ধরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন। দাম্পত্য কলহের জেরে প্রায় এক মাস আগে তিনি নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়িতে চলে আসেন। পরে স্ত্রীকে বাড়িতে ফিরে আসার কথা বললেও তিনি নারায়ণগঞ্জেই অবস্থান করছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রের দাবি, পারিবারিক বিরোধের জেরে বাবু নিজ বসতবাড়ির আঙিনায় ইঁদুর মারার বিষ সেবন করেন। এরপর তিনি বমি করতে শুরু করেন। বিষয়টি জানাজানি হলে প্রথমে তাঁকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বলেন, ওই যুবক হঠাৎ বমি করতে শুরু করলে তিনি ইঁদুর মারার বিষ খেয়েছেন বলে জানা যায়। পরে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এসআই আব্দুল্লাহ আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে দাম্পত্য কলহের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।