বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে শান্তিপূর্ণ প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে উপজেলার ৩৯টি পূজামণ্ডপে উৎসবের সমাপ্তি ঘটে।

গত শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের শেষ দিনে বুধবার বিকেলে উপজেলা সদরের আলখনারপাড় স্লুইসগেট এলাকায় নলজুর নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা সেকেন্ড অফিসার নূর ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি বিজন কুমার দেব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সতীশ গোস্বামী, কমিউনিটি নেতা প্রণয় কান্তি সূত্রধর খোকন, পীযূষ রায় কালা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সুজিত কুমার রায় ও রূপক কান্তি দেব, সাধারণ সম্পাদক বিভাষ দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র ও শশী কান্ত গোপ, সদস্যসচিব সাংবাদিক অমিত দেব এবং পৌর শাখার সদস্যসচিব জীবন গোপসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিসর্জন দেওয়া প্রতিমাগুলোর মধ্যে ছিল জগন্নাথপুর কেন্দ্রীয় পূজামণ্ডপ, ভবানীপুর ভটবাড়ি, রসুলগঞ্জ বাজার, সাতহাল ও আলীপুর সার্বজনীন পূজামণ্ডপের প্রতিমা। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে এলাকাভিত্তিক নদী, পুকুর ও জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি বিজন কুমার দেব বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়েছে।

▐ এই সম্পর্কিত আরো