হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ট্রাক্টরসহ মো. সুজন নামে এক ব্যক্তিকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ আদায় করে তাঁকে সতর্ক করা হয়েছে।
বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে উপজেলার মহিমাউড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক সুজন উমরাজের ছেলে।
অভিযানকালে ট্রাক্টরে করে সিলিকা বালু পরিবহনের সময় তাঁকে আটক করা হয়। এ সময় তিনি জানান, পানছড়ি এলাকা থেকে সিলিকা বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছিলেন। কর্তৃপক্ষের অনুমতি ও ইজারা ছাড়া বালু উত্তোলনের বিষয়টিও তিনি স্বীকার করেন। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবেন না বলে অঙ্গীকার করেন তিনি।
পরে ভ্রাম্যমাণ আদালত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেন। জরিমানার অর্থ পরিশোধের পর তাঁকে কঠোরভাবে সতর্ক করে অবমুক্ত করা হয়।
অভিযানে চুনারুঘাট থানা-পুলিশ, আনসার সদস্য ও স্থানীয় এলাকাবাসী সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে চুনারুঘাটের বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।