শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা জোরদারের পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার প্রতিরোধেও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্তের আট কিলোমিটার এলাকার পাঁচটি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে থাকা ২৪টিসহ মোট ১০৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্য মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে।
এ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিজিবির কর্মকর্তারা। এ সময় তাঁরা নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
বিজিবি জানায়, পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ ছাড়া সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অন্যান্য অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে বিজিবি।