মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ছাতকে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের মতবিনিময়

সুনামগঞ্জের ছাতকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন।

সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং উপজেলার ৩০টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম মির্জা কে ই তুহিন, ছাতক পিডিবির উপ-সহকারী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাছিমা বেগম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান ও ফারুক আহমদ, ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হরিদাস রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনি শংকর ভৌমিক, সাধারণ সম্পাদক বাবুল রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, অগ্নিনিরাপত্তা জোরদার এবং প্রতিটি মণ্ডপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ বছর ছাতক উপজেলায় মোট ৩০টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে ছাতক পৌরসভা এলাকায় ১২টি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৮টি মণ্ডপ রয়েছে।

ইতোমধ্যে বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। প্রতিমাশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। পূজাকে ঘিরে মণ্ডপগুলোতে উৎসবের আমেজও শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন বলেন, ‘ছাতকের ৩০টি মণ্ডপে যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।’

▐ এই সম্পর্কিত আরো