সুনামগঞ্জের ছাতক পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভারাটিয়া এলাকায় স্ত্রী ও শিশুসন্তান নিখোঁজের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন নিতাই দাস। নিখোঁজের পর থেকে তাঁদের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, নিতাই দাসের স্ত্রী পান্না রাণী দাস (২৬) এবং তাঁদের প্রায় পাঁচ বছর বয়সী শিশু সন্তান কৈশি দাস গত ১ অক্টোবর রাত আনুমানিক ৮টার দিকে বাসা থেকে বের হন। এ সময় নিতাই দাস কর্মস্থলে ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বাসা থেকে বের হওয়ার সময় পান্না রাণী দাস কিছু নগদ টাকা, স্বর্ণের কানের দুল ও ব্যবহৃত কাপড়-চোপড় সঙ্গে নিয়ে যান।
পরে স্ত্রী ও শিশুসন্তান বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু তাঁদের কোনো সন্ধান না পাওয়ায় নিতাই দাস ছাতক থানায় লিখিত অভিযোগ করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পান্না রাণী দাস ও শিশু কৈশি দাসের অবস্থান সম্পর্কে কেউ কোনো নির্ভরযোগ্য তথ্য জানলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
একই সঙ্গে, বিষয়টি নিয়ে কোনো ধরনের গুজব বা অনুমাননির্ভর তথ্য প্রচার না করে নিশ্চিত তথ্যের ভিত্তিতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পরিবার।