রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

৭৬ বছরের জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে বিয়ানীবাজার পোস্ট অফিস

সিলেটের বিয়ানীবাজার পৌরশহরে প্রায় ৭৬ বছরের পুরোনো জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে উপজেলা পোস্ট অফিসের কার্যক্রম। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, খসে পড়ছে পলেস্তারা ও দেয়ালের অংশ। এতে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষও রয়েছেন দুর্ঘটনার শঙ্কায়।

পোস্ট অফিস সূত্রে জানা যায়, ১৯৫০ থেকে ১৯৫৫ সালের মধ্যে কাঠ, বেত ও টিনশেডের স্থাপনায় বিয়ানীবাজার উপজেলা পোস্ট অফিসের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে কার্যক্রমের পরিধি বাড়লে পুরোনো স্থাপনার পাশে প্রায় ১০ থেকে ১২ বছর পর নির্মাণ করা হয় একটি দ্বিতল ভবন। বর্তমানে ওই ভবনেই চলছে পোস্ট অফিসের সব কার্যক্রম।

বর্তমানে মাত্র সাতজন কর্মকর্তা-কর্মচারী দিয়ে চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। জনবল সংকটের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবনের কারণে স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন সংস্কারের অভাবে ভবনের বিভিন্ন অংশ নাজুক হয়ে পড়েছে। দেয়ালে ফাটল ও পলেস্তারা খসে পড়ায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন কর্মকর্তা-কর্মচারীরা। ঝুঁকিপূর্ণ পরিবেশে সেবা নিতে এসে উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ মানুষও।

বিয়ানীবাজার পোস্ট অফিসের পোস্টমাস্টার আপেল মাহমুদ বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত ভবন সংস্কার বা নতুন ভবন নির্মাণ করা না হলে যেকোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি সাধারণ মানুষের ডাকসেবা নির্বিঘ্ন রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

▐ এই সম্পর্কিত আরো