সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে ৯০ বোতল বিদেশি মদ জব্দ করেছে সিলেট এসআরবি-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ)-এর একটি আভিযানিক দল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক কারবারে জড়িত অজ্ঞাতনামা কয়েকজন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেট এসআরবি-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এসআরবি-৯-এর একটি দল বিশ্বম্ভরপুর থানার চিনাকান্দি বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উপজেলার ধনপুর ইউনিয়নের গামাইরতলা এলাকার একটি বসতবাড়ির পাশে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ওই এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি সঙ্গে থাকা দুটি সাদা প্লাস্টিকের বস্তা পাশের ডোবার পানিতে ফেলে পালিয়ে যায়। পরে বস্তা দুটি তল্লাশি করে ৯০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার করা মাদকসহ পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আলামতগুলো বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।