মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী।
সভায় মাদক, যানজটসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগের সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি জানতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের কাছে জবাবদিহি চান ইউএনও। বিজিবি, র্যাব, জেলা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আনসার, ট্যুরিস্ট পুলিশ, রেলওয়ে পুলিশ ও হাইওয়ে পুলিশের প্রতিনিধিরা নিজ নিজ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।
সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, শহরের যানজট নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন বিদ্যুৎ সংকট মোকাবিলায় শহর ও শহরতলির আশপাশে গড়ে ওঠা টমটমের চার্জিং পয়েন্টগুলোতে সীমিত পরিসরে বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণের প্রস্তাব দেন। একই সঙ্গে চুরি প্রতিরোধে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং ও রাতের পাহারাদারদের কার্যক্রম বাড়ানোর পরামর্শ দেন তিনি।
যানজট নিয়ন্ত্রণে মূল শহরে টমটমের প্রবেশ সীমিত করার প্রস্তাবও দেওয়া হয়। এ জন্য কলেজ রোডের সাবরেজিস্ট্রার কার্যালয়, হবিগঞ্জ সড়কের আখড়া মার্কেট, মৌলভীবাজার সড়কের চন্দ্রনাথ স্কুল এবং স্টেশন রোডের দেওয়ান বেকারির সামনে পাহারাদার বা দায়িত্বশীল ব্যক্তি নিয়োগ করে টমটম চলাচল নিয়ন্ত্রণের পরামর্শ দেন বক্তারা।
এ ছাড়া অবৈধ পার্কিং বন্ধ ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তি ও সরকারি উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে অপপ্রচারের অভিযোগের বিষয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন প্রেসক্লাবের আহ্বায়ক।
সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী, যুগ্ম সম্পাদক তুহিন চৌধুরী, সদস্য মকসুদ আহমেদ ও মশিউর রহমান রিপন এবং এনসিপির প্রিতম দাস অবৈধ বালু উত্তোলন বন্ধ ও মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাব তুলে ধরেন।
সভা শেষে প্রধান অতিথি আলোচিত প্রস্তাবগুলোর বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।