হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং, যাত্রী ওঠানামা এবং সড়ক ও ড্রেন দখল করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে চারটি অটোরিকশা ও দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ারের নেতৃত্বে এবং চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পৌরসভার বাল্লা রোডে যত্রতত্র গাড়ি পার্কিং করে যাত্রী ওঠানামা করানোর অভিযোগে দুটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিটিকে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া সড়কের সংলগ্ন স্থানে অবৈধভাবে ঢালাই দিয়ে অস্থায়ী স্থাপনা নির্মাণ এবং পৌরসভার ড্রেন দখল করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে যথাক্রমে ১০ হাজার ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার বলেন, পৌরসভার অভ্যন্তরে যানজট নিরসনে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।