সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিভিন্ন নদ-নদীর ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার লালপুর বাজারে জামালগঞ্জ মিনি স্টোন ক্রাশার সমিতির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার শতাধিক ব্যবসায়ী ও শ্রমিক অংশ নেন। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হোসেন আহমদ লাল। সাধারণ সম্পাদক আমিরুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সমিতির সদস্য ও পাথর ব্যবসায়ী জসিম উদ্দিন, লোকমান হোসেন, কবির হোসেন, নবী নূর, আমিরুল হক এবং বাংলাদেশ কার্গো বাল্কহেড সমিতির সভাপতি হাবিবুর রহমানসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, সরকারি নিয়ম অনুযায়ী মালামাল লোড-আনলোডের ক্ষেত্রে প্রতি ঘনফুটে একবার ৫০ পয়সা হারে টোল আদায়ের কথা। তবে জামালগঞ্জের বিভিন্ন ঘাটে লোড ও আনলোডের জন্য প্রতি ঘনফুটে ২ টাকা ৮০ পয়সা করে মোট ৫ টাকা ৬০ পয়সা আদায় করা হচ্ছে।
তাদের দাবি, নির্ধারিত হারের তুলনায় অতিরিক্ত টোল আদায়ের কারণে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এতে অনেক ব্যবসায়ী ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন বলেও তারা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, অতিরিক্ত টোল আদায় অব্যাহত থাকলে জামালগঞ্জের পাথর ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ী ও শ্রমিকরা আরও ক্ষতির মুখে পড়বেন। এতে হাজারো ব্যবসায়ী ও শ্রমিকের কর্মসংস্থানও হুমকির মুখে পড়তে পারে।
এ অবস্থায় ব্যবসায়ী ও শ্রমিকদের কর্মসংস্থান এবং ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখতে বিআইডব্লিউটিএর নির্ধারিত হারে টোল আদায় নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।