মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিলেটের ওসমানীনগর উপজেলার ইব্রাহীমপুর গ্রামের মো. নজরুল ইসলাম খান (৪১) এবং মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনরাজ গ্রামের মুমিন মিয়া ওরফে মনা (১৯)।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে কুলাউড়া ও মৌলভীবাজার সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিবি পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে কুলাউড়া উপজেলার ৮ নম্বর ইউনিয়নের মনরাজ এলাকায় পলাতক আসামি কাউছার মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মুমিন মিয়া ওরফে মনাকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেহ তল্লাশি করে ৫৫ পিস এবং পলাতক কাউছার মিয়ার হাত থেকে পড়ে যাওয়া কালো পলিথিনের প্যাকেট থেকে আরও ১৫০ পিস, মোট ২০৫ পিস কথিত ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে, রাত পৌনে ৯টার দিকে এসআই মোহাম্মদ আজিজুল গাফফারের নেতৃত্বে মৌলভীবাজার সদর মডেল থানার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরসংলগ্ন সিটি কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালানো হয়। এ সময় মো. নজরুল ইসলাম খানকে আটক করা হয়। তাঁর দেহ তল্লাশি করে কালো রঙের বায়ুরোধক জিপারযুক্ত প্যাকেট থেকে ১৪০ পিস কথিত ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। পলাতক কাউছার মিয়াকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।