মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর লামুয়া এলাকায় একটি বাড়ির আঙিনা থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সিরাজনগর লামুয়া এলাকায় কদর আলী মেম্বারের বাড়ির আঙিনায় অজগর সাপটি দেখতে পান স্থানীয়রা। পরে সাপটি নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলে আব্দুল মজিদ নামে এক ব্যক্তি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এ সময় উদ্ধার কার্যক্রমে চাউতলি বিট কর্মকর্তা সুব্রত সরকার উপস্থিত ছিলেন।
উদ্ধার শেষে অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে সাপটি হস্তান্তর করা হয়েছে।