সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ স্কুলছাত্রের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় শেষ পর্যন্ত তিন স্কুলছাত্রেরই মৃত্যু হয়েছে। নিহতরা সবাই উপজেলার জাফলং আমির মিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

নিহতরা হলেন- উপজেলার নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬), ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে রায়হান আহমেদ (১৬) এবং লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)।

রোববার (৫ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চলমান অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে তিন বন্ধু মোটরসাইকেলযোগে জাফলং চা বাগান এলাকায় ঘুরতে যান। পরে রাধানগর বাজারের দিকে যাওয়ার সময় তাদের বহনকারী একটি পালসার মোটরসাইকেল দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই গুরুতর আহত হয় তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সাকিব আহমদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রায়হান ও জয়কে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।

চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত প্রায় ৮টার দিকে সিলেটের নূরজাহান হাসপাতালে রায়হান আহমেদ মারা যায়। এর প্রায় এক ঘণ্টা পর রাত ৯টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে জয়। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা তিনজনে দাঁড়ায়।

একই শ্রেণির তিন সহপাঠীর এমন মর্মান্তিক মৃত্যুতে গোয়াইনঘাটজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও নিহতদের বাড়িতে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ। সহপাঠী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা এ ঘটনাকে ‘অপূরণীয় ক্ষতি’ বলে অভিহিত করেছেন।

জাফলং আমিন মিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, তিনজনই প্রাণবন্ত, মেধাবী এবং সবার প্রিয় ছিল। একসঙ্গে পরীক্ষা দিয়ে বেড়াতে গিয়ে তাদের এমন করুণ পরিণতি কেউ মেনে নিতে পারছেন না।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী  কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানো রোধে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি সড়ক নিরাপত্তা বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন।

এই সম্পর্কিত আরো