জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘মতিয়া টিভি’র ১ লক্ষ ৫০ হাজার ফলোয়ার অর্জন উপলক্ষে এক বর্ণাঢ্য কেক কাটা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ বুধবার (৩ জুন) মতিয়া টিভির দক্ষিণ সুরমার লালাবাজারস্থ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং সংবর্ধনা পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রবাসে থেকে সমাজ ও দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখায় তিন রেমিট্যান্স যোদ্ধাকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত অতিথিরা হলেন— যুক্তরাজ্য প্রবাসী নুর মিয়া খলকু, আব্দুল হক আবু এবং আব্দুল আহাদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন— লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, বর্তমান চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতা এবং বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে মতিয়া টিভির সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মতিয়া টিভির ধারাবাহিক অগ্রগতি ও অল্প সময়ে বিপুল জনপ্রিয়তা অর্জনে সন্তোষ প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনেও সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরে আরও সমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে মতিয়া টিভি তার পথচলা অব্যাহত রাখবে। অনুষ্ঠান শেষে কেক কেটে এবং সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে মতিয়া টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।