স্বাধীন গণমাধ্যম বিকশিত হতে না দেওয়ার কারণে অতীতে সরকারগুলোর পতন হয়েছে বলে মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম।
আজ শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স-২০২৬’-এর প্রথম পর্বে আলোচনায় অংশ নিয়ে মাহ্ফুজ আনাম এই মন্তব্য করেন।
মাহ্ফুজ আনাম বলেন, ‘অতীতের সরকারদের যে দুর্বলতা, তাদের পতন, তার অন্যতম কারণ ছিল তারা স্বাধীন মিডিয়াকে বিকশিত হতে দেয় নাই। কারণ, স্বাধীন মিডিয়া প্রশ্ন তুলেছে, তাদের দায়বদ্ধতা যাচাই করেছে, তাদের অনিয়ম প্রকাশ করেছে।’
নতুন সরকার অতীত থেকে শিখবে বলে আশা প্রকাশ করেন ডেইলি স্টার সম্পাদক। তিনি বলেন, নতুন সরকার এই অভিজ্ঞতার ভিত্তিতে শিখবে যে তাদের প্রয়োজনেই স্বাধীন সাংবাদিকতা প্রয়োজন। তাদের সাফল্যের জন্যই স্বাধীন সাংবাদিকতা প্রয়োজন।
অনুসন্ধানী সাংবাদিকতা খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করে মাহ্ফুজ আনাম বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা খুবই গুরুত্বপূর্ণ। এটা সাংবাদিকতার বিকাশের প্রাণকেন্দ্র এবং এই মুহূর্তে বাংলাদেশের যেটা অত্যন্ত প্রয়োজনীয়।
নির্বাচিত সরকার ও স্বাধীন সাংবাদিকতা—একটি অপরটির সঙ্গে সম্পর্কিত বলে মতপ্রকাশ করেন মাহ্ফুজ আনাম। তিনি বলেন, ‘সাংবাদিকেরা যেন নৈতিকতার ভিত্তিতে অনুসন্ধানী সাংবাদিকতা করেন। প্রতিষ্ঠানগুলোকে দায়বদ্ধ রাখে। আমাদের জনগণের অর্থের খরচগুলোর স্বচ্ছতা নিশ্চিত করে। আমি মনে করি, নির্বাচিত সরকার ও স্বাধীন সাংবাদিকতার মধ্যে এই সম্পর্কটা জরুরি।’
মাহ্ফুজ আনাম বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার মধ্যেই বাংলাদেশের ভবিষ্যৎ নিহিত। তবে দেশে অতীতে যথেষ্ট পরিমাণে অনুসন্ধানী সাংবাদিকতা হয়নি। বর্তমানেও হচ্ছে না। আর ভবিষ্যতেও হবে কি না, তা নির্ভর করছে সম্পাদকদের ভূমিকার ওপর।
শাসনকাল পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাংবাদিকদের নেতৃত্বের পরিবর্তন হচ্ছে বলে উল্লেখ করেন ডেইলি স্টার সম্পাদক। তিনি বলেন, ‘আমরা যারা সাংবাদিকতা করি, আমরা পেশাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি না বলে আমার ধারণা। আমরা খুব সহজেই সাংবাদিকতা করতে করতে রাজনীতির মধ্যে ঢুকে যাই। আমরা দেখেছি যে একটা শাসনকাল যখন থাকে, তখন একদল সাংবাদিক, যারা সেই শাসনের পক্ষে থাকে; তারা নেতৃত্বের মধ্যে থাকে। আর অন্য দলের সাংবাদিকেরা চুপি চুপি ঘুরে বেড়ায় এবং তাদের অস্তিত্বই প্রশ্নের মুখে থাকে। আবার শাসন যখন বদলায়, তখন সাংবাদিকদের নেতৃত্ব বদলে যায়।’
জার্নালিজম কনফারেন্সের প্রথম সেশনে আলোচক হিসেবে ছিলেন পাকিস্তানের ডন পত্রিকার সম্পাদক জাফর আব্বাস, টরন্টো স্টারের সাবেক সম্পাদক মাইকেল কুক এবং যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ। সেশনটি পরিচালনা করেন বিবিসির সাবেক সাংবাদিক শাকিল আনোয়ার।
মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই জার্নালিজম কনফারেন্সের আয়োজন করেছে। আয়োজকেরা জানান, স্বাধীন সাংবাদিকতার সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলা, সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যৎ সাংবাদিকতার রূপরেখা নির্ধারণের লক্ষ্যে এ আয়োজন। দুই দিনের এই সম্মেলনে ১০টি দেশের সাংবাদিকতা বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্ব অংশ নিচ্ছেন।