সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
জাতীয়

হাতখরচের ১০ হাজার টাকায় শুরু, এখন মাসে আয় ৫০ হাজার

চাকরির পেছনে না ছুটে পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হয়ে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন সিলেটের বিয়ানীবাজারের দুই শিক্ষার্থী। মাত্র ১০ হাজার টাকা পুঁজি নিয়ে মিশরীয় ফাওমি মুরগি ও কোয়েল পাখির খামার শুরু করে বর্তমানে তারা মাসে প্রায় ৫০ হাজার টাকা আয় করছেন।

জানা গেছে, বিয়ানীবাজার পৌরশহরের সুপাতলা গ্রামের বাসিন্দা মাহবুব ও তাহমিদ। দুজনই বর্তমানে পড়াশোনা করছেন। পরিবার থেকে পাওয়া হাতখরচের টাকা থেকে কিছু কিছু করে সঞ্চয় করে প্রায় দেড় বছর আগে তারা খামার গড়ে তোলার উদ্যোগ নেন।

মাহবুব ও তাহমিদ জানান, খাওয়া ও ব্যক্তিগত খরচের জন্য পরিবার থেকে পাওয়া টাকা থেকে তিলে তিলে ১০ হাজার টাকা জমিয়েছিলেন। সেই সঞ্চিত অর্থ দিয়েই মিশরীয় ফাওমি মুরগি ও কোয়েল পাখি পালন শুরু করেন তারা।

শুরুর দিকে স্বল্প পুঁজি, প্রশিক্ষণ ও অভিজ্ঞতার অভাবসহ নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় তাদের। তবে পড়াশোনার পাশাপাশি নিয়মিত পরিচর্যা, টিকা প্রদান ও বৈজ্ঞানিক পদ্ধতিতে খামার পরিচালনার মাধ্যমে ধীরে ধীরে এর পরিধি বাড়াতে সক্ষম হন।

বর্তমানে তাদের খামারে কয়েকশ মিশরীয় ফাওমি মুরগি ও কোয়েল পাখি রয়েছে। এসব পাখির ডিম ও মাংসের স্থানীয় বাজারে ভালো চাহিদা থাকায় সেখান থেকেই আয় করছেন তারা। বর্তমানে খামার থেকে মাসে প্রায় ৫০ হাজার টাকা আয় হচ্ছে বলে জানান দুই উদ্যোক্তা।

স্থানীয়রা জানান, পড়াশোনার পাশাপাশি মাহবুব ও তাহমিদের এই উদ্যোগ প্রশংসনীয়। অনেক তরুণ চাকরির অপেক্ষায় থাকলেও তারা স্বল্প পুঁজিতে নিজেরাই কর্মসংস্থানের পথ তৈরি করেছেন। তাদের উদ্যোগ অন্য শিক্ষার্থী ও তরুণদেরও উদ্যোক্তা হতে উৎসাহিত করতে পারে।

পরিবারের সদস্যরা জানান, চাকরির আশায় বসে না থেকে পড়াশোনার পাশাপাশি নিজেদের সামর্থ্য অনুযায়ী উদ্যোগ নেওয়া ইতিবাচক। মাহবুব ও তাহমিদের এই উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে গড়ে উঠবে—এমন প্রত্যাশা তাদের।

মাহবুব ও তাহমিদের উদ্যোগ দেখিয়েছে, উদ্যোক্তা হতে সবসময় বড় অঙ্কের পুঁজি প্রয়োজন হয় না। পরিকল্পনা, পরিশ্রম, ধৈর্য ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে স্বল্প পুঁজিতেও একটি উদ্যোগ ধীরে ধীরে বড় করা সম্ভব।

এই সম্পর্কিত আরো