বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের সক্রিয় উদ্যোগ ও সমন্বয়ে এবং বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BPGMEA)-এর সহযোগিতায় মালয়েশিয়ার অন্যতম বৃহৎ শিল্প ও প্রযুক্তিভিত্তিক আন্তর্জাতিক প্রদর্শনী ৩৭তম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল মেশিনারি ফেয়ার (MIMF) ২০২৬-এ বাংলাদেশের ১৪ টি প্রতিষ্ঠান ৩টি বুথে অংশগ্রহণ করেছে ।
মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড এক্সিবিশন সেন্টারে ১৬-১৮ জুলাই ২০২৬ পর্যন্ত চলমান এই মেলায় বাংলাদেশসহ ১০ টি দেশের ৪৫০ টির বেশি প্রতিষ্ঠান ৬৫০ টি বুথে অংশ নিচ্ছে। মালয়েশিয়া প্রোমাস ইন্টারন্যাশনাল বিজনেস সোসাইটি এবং ই এস ইভেন্ট ম্যানেজমেন্ট আয়োজিত এই মেলাটি এই অঞ্চলের দীর্ঘতম সময় ধরে অনুষ্ঠিত বাণিজ্য মেলা যেখানে উৎপাদন, প্যাকেজিং, প্লাস্টিক, মুদ্রণ ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতের অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হয়ে থাকে।
১৬ জুলাই ২০২৬ আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন মালয়েশিয়ার ডেপুটি মিনিস্টার অব ওয়ার্কস, H.E YB Datuk Seri Ahmad Maslan ।
মেলা উদ্বোধন শেষে ডেপুটি মিনিস্টার ও অন্যান্য অতিথিবৃন্দ অন্যান্যবুথের পাশাপাশি বাংলাদেশের বুথসমূহ পরিদর্শন করেন। তাদেরকে স্বাগত জানান বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (BPGMEA) সভাপতি শামীম আহমেদ ও অংশগ্রহণকারী বাংলাদেশী ব্যবসায়ী প্রতিনিধিদল।
এসময় বাংলাদেশের প্লাস্টিক ও প্যাকেজিং শিল্পের অগ্রগতি ও আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদন সক্ষমতা সম্পর্কে আগত অতিথিবৃন্দকে অবহিত করে মালয়েশিয়ায় বাংলাদেশের প্লাস্টিকপণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণে তাদের সহযোগিতা কামনা করা হয়।
বাংলাদেশ প্যাভিলিয়নে আমান প্লাস্টিক টয় ইন্ডাস্ট্রিজ, ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড, ব্যাগস অ্যান্ড প্যাকস, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ডব্লিউ অ্যান্ড ডব্লিউ কোম্পানি লিমিটেড, জিহান টয় ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিক লিমিটেড, দ্য মার্চেন্টস লিমিটেড, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (MGI) এবং আকিজ বায়াক্স ফিল্মস লিমিটেড, নর্থ প্যাক, এ্যাপোল প্রিন্ট প্যাক, সাথী প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং -এর আন্তর্জাতিক মানসম্পন্ন প্লাস্টিক ও প্যাকেজিং পণ্য (ফ্লেক্সিবল প্যাকেজিং, গৃহস্থালি ও রান্নাঘরের সামগ্রী, প্লাস্টিক খেলনা) প্রদর্শন করা হচ্ছে। মালয়েশিয়ার ডেপুটি মিনিস্টার বাংলাদেশের প্লাস্টিকশিল্পের অগ্রগতির প্রশংসা করেন এবং এ প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের কোম্পানিগুলো মালয়েশিয়ার বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে সক্ষম হবে।
মেলায় অংশগ্রহণের পাশাপাশি BPGMEA-এর সভাপতির নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল প্রদর্শনীর পার্শ্ব-আয়োজনে অনুষ্ঠিত “Plastic Industry Investment Matching” ফোরামে অংশগ্রহণ করছে যেখানে BPGMEA এর সভাপতি শামীম আহমেদ বাংলাদেশকে প্লাস্টিক শিল্পে একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরেছেন।
এর মাধ্যমে মালয়েশিয়াসহ এ অঞ্চলের বিনিয়োগকারীদের আকৃষ্ট করা, যৌথ উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর এবং আন্তঃসীমান্ত শিল্প সহযোগিতা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া প্রদর্শনীতে মালয়েশিয়া ও বিভিন্ন দেশের শিল্প উদ্যোক্তা, আমদানিকারক, সরবরাহকারী, বিনিয়োগকারী, বাণিজ্যিক প্রতিনিধি এবং শিল্পখাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন এবং প্রদর্শিত পণ্যের প্রতি আগ্রহ প্রকাশ করেন।
রপ্তানি বহুমুখীকরণ, শিল্পায়ন এবং নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় উৎপাদন ও রপ্তানিমুখী শিল্পখাত প্লাস্টিক ও প্যাকেজিং শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর নিয়মিতভাবে আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করে আসছে, যাতে দেশের উৎপাদন সক্ষমতা, রপ্তানি সম্ভাবনা এবং বিনিয়োগের সুযোগ বিশ্বব্যাপী তুলে ধরা যায়।
এই আন্তর্জাতিক প্ল্যাটফর্ম MIMF এ বাংলাদেশের ধারাবাহিক অংশগ্রহণ দেশের প্লাস্টিক ও প্যাকেজিং শিল্পের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধি, প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়ন, নতুন রপ্তানি বাজার সৃষ্টি, সরবরাহকারী ও ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তোলা এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।