সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, শিশুদের সুশিক্ষা ও মানসিক বিকাশে সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে। বর্তমান সরকার প্রাথমিক শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছে। দেশ ও জাতির ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় শান্তিগঞ্জ উপজেলা মিনি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি কয়ছর আহমদ আরও বলেন, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা আগামীর সমৃদ্ধ বাংলাদেশের দায়িত্ব নিতে সক্ষম হয়। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা নিজ নিজ ইউনিয়নের অভিভাবক। প্রতিটি বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার পরিবেশের প্রতি সমান গুরুত্ব দিতে হবে। শিক্ষা ও খেলাধুলার সঠিক সমন্বয় ঘটলে বিদ্যালয়ের যেমন উন্নয়ন হবে, তেমনি ইউনিয়নের মর্যাদাও বৃদ্ধি পাবে।”
টুর্নামেন্টের বালক দলের ফাইনালে শিমুলবাঁক ইউনিয়নের জীবদারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়কলস ইউনিয়নের ইয়াকুব আলী কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত মেয়েদের ফাইনালে গনিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে আমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিরোপা জয় করে।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।