পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পরিবেশ গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। তাঁরা বলেছেন, পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে। পরিবেশ আন্দোলন শুধু গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নিজের অস্তিত্ব ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করার আন্দোলন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে বাংলাদেশ পরিবেশ গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মুক্তাদীর। পরিচালনা করেন সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমদ মাসুম।
বক্তারা বলেন, মানুষ যে মাটিতে হাঁটে, যে বাতাসে নিঃশ্বাস নেয় এবং যে পানিতে তৃষ্ণা মেটায়, সেই প্রকৃতিকেই নিজের হাতে ধ্বংস করছে। এখনই পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম বিশুদ্ধ পানি ও নির্মল বাতাস থেকে বঞ্চিত হবে। তাই ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় পরিবেশ সংরক্ষণ, গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে।
তাঁরা আরও বলেন, সিলেট তথা বাংলাদেশকে কংক্রিটের জঙ্গলে পরিণত হতে দেওয়া যাবে না। সুরমা নদী, পাহাড়, হাওর ও সাদাপাথরসহ প্রাকৃতিক সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।
সভায় সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রমের পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তব্য দেন সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সদস্য সাংবাদিক বদরুর রহমান বাবর উদ্দিন বাবর, সংগঠনের সিনিয়র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ডা. জসিম উদ্দিন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শাহিনূর রহমান, সাহিত্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ তাজ উদ্দিন, পরিবেশ গবেষণাবিষয়ক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক হোসাইন মোহাম্মদ আলমগীর, দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম প্রমুখ।