মৌলভীবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৬৫ লিটার চোলাই মদসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত দুটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
বুধবার (১১ নভেম্বর) শ্রীমঙ্গল-ভানুগাছ সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), মৌলভীবাজার জেলা কার্যালয়।
ডিএনসি সূত্রে জানা যায়, অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক অমর কুমার সেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে খোকন রবিদাসের কাছ থেকে ১৪০ লিটার চোলাই মদ ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। অপর ব্যক্তি রঞ্জন রবিদাসের কাছ থেকে ১২৫ লিটার চোলাই মদ ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
অভিযানে সর্বমোট ২৬৫ লিটার চোলাই মদ ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শ্রীমঙ্গল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্যের অবৈধ উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও বিপণন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।