সাবেক সংসদ সদস্য রণজিত সরকারের রাজনৈতিক সভাকে কেন্দ্র করে সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলে অবস্থিত আলোচিত ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে’ রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে দুই রিসোর্ট কর্মীসহ চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে আরও ১৭৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) ভোররাত ৩টার দিকে রাতারগুলে অবস্থিত রিসোর্টটিতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মন্ডল। পরে রিসোর্টটি বন্ধ করে তালা লাগিয়ে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরোও বলেন, রাতারগুলে নিষিদ্ধ আওয়ামী লীগের সভার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
পুলিশ জানায়, রিসোর্টের মালিক সোহেল আহমদ রিসোর্ট ছেড়ে আত্মগোপনে থাকায় সেটি তালাবদ্ধ করা হয়েছে। অভিযানে দুই রিসোর্ট কর্মীসহ চারজনকে আটক করা হয়।
পুলিশ বাদী হয়ে এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৭৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছে। তবে মামলার এজাহারে উল্লিখিত ব্যক্তিদের পরিচয় ও আটকদের বিস্তারিত তথ্য জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে এক আইনজীবী রাতারগুলের সোহেল স্কয়ার-ইকো রিসোর্টটি ভাড়া নেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হয়। পরে হঠাৎ সেখানে উপস্থিত হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রণজিত সরকার। তিনি সেখানে দলীয় ব্যানার টাঙিয়ে কয়েক মিনিট বক্তব্য দেন।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওর সূত্র ধরে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ জেলা পুলিশ। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গত সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই সভায় বক্তব্য দেওয়ার ভিডিও প্রকাশ করেন সাবেক সংসদ সদস্য রণজিত সরকার।
এদিকে, ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পর সোমবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট মহানগরীর গোপালটিলায় রণজিত সরকারের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।