‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের কানাইঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। সকালে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং অফিস সহায়ক জয়নাল উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন এবং কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা মহিলা দলের সভাপতি ফাতেহা বেগম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী।
সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন অরণ্য সঞ্চয় ঋণদান সমবায় সমিতির সভাপতি শমসের আলম, বড়চাতল যুব ফোরামের সভাপতি ফখর উদ্দিন চৌধুরী, লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, সুরইঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য শহীদ আহমদ, সততা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য আলমাছ উদ্দিন এবং কানাইঘাট বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক পরেশ কান্ত দাস।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুমাইয়া ফেরদৌস বলেন, সমবায়ের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব হচ্ছে। সমবায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই প্রতিবছর জাতীয় সমবায় দিবস পালন করা হয়। জাতীয় পর্যায়ে কানাইঘাটের সমবায়ীরা পুরস্কৃত হচ্ছেন, যা আমাদের জন্য গর্বের বিষয়। তিনি সমবায়ীদের ঐক্যবদ্ধ থেকে কানাইঘাটের আর্থসামাজিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান।