সিলেটের শাহপরাণ এলাকায় অভিযান চালিয়ে হত্যাচেষ্টা, চুরি ও বিস্ফোরক আইনসহ অন্তত ৭টি মামলার ওয়ারেন্টভুক্ত ও তালিকাভুক্ত সন্ত্রাসী হাবিবুর রহমান ওরফে পংকিকে (৩৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
গ্রেফতারকৃত হাবিবুর রহমান পংকি সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন খাদিম চৌমুহনী এলাকার রাজা মিয়ার ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি, সিলেটের একটি আভিযানিক দল আজ ভোর আনুমানিক ৫টা ৩৫ মিনিটে খাদিম চৌমুহনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে শাহপরাণ (রহ.) থানার একটি হত্যাচেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি পংকিকে গ্রেফতার করা হয়।
এসআরবি জানায়, গ্রেফতারকৃত পংকি একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, চুরি, বিস্ফোরক আইন এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ বিভিন্ন অভিযোগে ৭টি মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে এসএমপির শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি।