ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি কমাতে এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে মশক নিধন কর্মসূচি পালন করেছে কলেজ ছাত্রদল।
শনিবার (২৪ অক্টোবর) মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের উদ্যোগে ছাত্রাবাস এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে ছাত্রাবাসের প্রথম ব্লকের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নূর মোহাম্মদ, এমসি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদসহ ছাত্রদলের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় ছাত্রাবাসের বিভিন্ন স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ আবাসন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও নিরাপদ আবাসন নিশ্চিত করতে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।
কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে সিলেট সিটি করপোরেশন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে। তাদের বার্তা—‘সচেতনতাই সুরক্ষা, পরিচ্ছন্নতাই প্রতিরোধ।’