সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে জাউয়া বাজারের জিকির আলী সুপার মার্কেটে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাউয়া গ্রামের কয়ছর আহমদ (৩২) ও আলী হোসেন (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শেখ মিরাজ আহমদের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার কয়ছর আহমদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার দুজনকে মাদক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।