সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার জামে মসজিদের গার্ডওয়াল (সুরক্ষা প্রাচীর) নির্মাণে ৫৫ হাজার টাকা অনুদান দিয়েছে প্রবাসীদের সামাজিক সংগঠন ‘গহরপুর অ্যাসোসিয়েশন ইন ফ্রান্স’।
শনিবার (২৪ অক্টোবর) বাদ জোহর মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা ফয়জুর রহমান মসজিদ কমিটির দায়িত্বশীলদের হাতে এ অনুদানের অর্থ তুলে দেন।
অনুদান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খলিলুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, ইউপি সদস্য মো. তারা মিয়া, মো. বাবরু মিয়া ও এস এম শাহেদ, সিলেট জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট ইকবাল আহমদ, মসজিদের ইমাম হাফিজ মাওলানা রাজু আহমদ, মাওলানা মারুফ আহমদ, সমাজকর্মী ছয়ফুল আলম, খন্দকার আব্দুল মুমিন ও গিয়াস উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি শাহ মো. হেলাল, সাংবাদিক এম এ কাদির, ময়নুল ইসলাম ময়নুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসে থেকেও এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখায় ‘গহরপুর অ্যাসোসিয়েশন ইন ফ্রান্স’-এর নেতৃবৃন্দের প্রশংসা করেন। তাঁরা সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে মসজিদের সার্বিক উন্নয়ন এবং দেশ ও প্রবাসের সবার কল্যাণ কামনা করে দোয়া করা হয়।