বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। আনন্দ, আবেগ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা।

দশমীর সকাল থেকেই উপজেলার পূজামণ্ডপগুলোতে বেজে ওঠে দেবী দুর্গার বিদায়ের সুর। ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে দুপুর থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। এ বছর শান্তিগঞ্জ উপজেলায় ২২টি সার্বজনীন পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার জয়কলস ইউনিয়নের তেঘরিয়া দুর্গামন্দিরের প্রতিমা বিকেল ২টার দিকে সদরপুর নদীর পাড়ে বিসর্জন দেওয়া হয়। এর আগে সদরপুর অষ্টগ্রাম পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ ছাড়া মহাসিং নদীর ডাবর এলাকা ও নাইন্দা নদীসহ বিভিন্ন নির্ধারিত স্থানে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়।

বিসর্জনকে কেন্দ্র করে সদরপুর নদী ও ডাবর এলাকার মহাসিং নদীর দুই পাড়ে সনাতন ধর্মাবলম্বীদের ঢল নামে। ঢাকঢোল, উলুধ্বনি ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানান।

হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বিজয়া দশমীতে দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যান। অসুরিক প্রবৃত্তি পরিহার, পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার বার্তা বহন করে বিজয়া দশমী।

প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন ও নিরাপদ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আয়োজক কমিটির সদস্যরা।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা জানান, এ বছর উপজেলায় ২২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২০টি মণ্ডপের প্রতিমা সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে বিসর্জন দেওয়া হয়েছে। বাকি দুটি মণ্ডপ স্থায়ী হওয়ায় সেখানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়নি।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টায় দুর্গাপূজার শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত পুরো আয়োজন শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো