সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলকে কাছে পেয়ে চিকিৎসার জন্য সহযোগিতা চেয়েছেন নুরজাহান নামের এক অসহায় নারী। অর্থাভাবে মস্তিষ্কের সমস্যার চিকিৎসা করাতে না পেরে চরম দুর্ভোগে দিন কাটছে তাঁর।
রোববার (১০ অক্টোবর) ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এমপির কাছে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে চিকিৎসার আকুতি জানান নুরজাহান। তিনি উপজেলার সেলবরষ ইউনিয়নের বৌলাম গ্রামের বাসিন্দা। তাঁর মা জোহরা বেগম জানান, নুরজাহান মানসিক ভারসাম্যহীনতাসহ মস্তিষ্কের সমস্যায় ভুগছেন। কিন্তু আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।
নুরজাহানের পারিবারিক অবস্থাও অত্যন্ত নাজুক। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তাঁর স্বামী নেশাগ্রস্ত এবং সংসারের খরচ বহন করেন না। অন্যদিকে, তাঁর বাবা চোখে দেখতে পান না। অসহায় মা জোহরা বেগমও মেয়ের চিকিৎসার ব্যয় বহন করতে পারছেন না। ফলে চিকিৎসার অভাবে দুর্বিষহ জীবন কাটছে নুরজাহানের।
এ অবস্থায় হাসপাতালে সংসদ সদস্যকে কাছে পেয়ে চিকিৎসার জন্য সহযোগিতা চান তিনি। নুরজাহানের আকুতি শুনে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল তাঁর চিকিৎসায় সহায়তার আশ্বাস দেন এবং হাসপাতালসংশ্লিষ্টদের তাঁর খোঁজখবর রাখতে বলেন।
অসহায় এই নারীর সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন তাঁর মা জোহরা বেগম।