মৌলভীবাজারের দীর্ঘদিনের জরাজীর্ণ ক্রীড়াঙ্গনের অচলাবস্থা দূর করতে সরকার সর্বাত্মক চেষ্টা করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী ইতোমধ্যে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড চালু করেছেন। সরকার গঠনের আগ থেকেই ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করার বিষয়ে নানা পরিকল্পনা ছিল। সরকার গঠনের পর সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে মৌলভীবাজার জেলার সম্মিলিত ক্রীড়া পরিষদ আয়োজিত জয়েন্ট স্পোর্টস কাউন্সিলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুব ইজদানীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলার সাতটি উপজেলা থেকে আসা শতাধিক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট কাউন্সিলের পরিচালক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফু, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, পুলিশ সুপারসহ মৌলভীবাজারের ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।