সুনামগঞ্জের জামালগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন ৩৭ শিক্ষার্থীর মাঝে হুইলচেয়ার, শ্রবণযন্ত্রসহ বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক।
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (PEDP-4)-এর আওতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং শিক্ষা কার্যক্রমে তাদের অংশগ্রহণ আরও গতিশীল করার লক্ষ্যে এসব সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত, উপজেলা প্রাথমিক শিক্ষক বদলি কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রব এবং সহকারী শিক্ষা কর্মকর্তা ফারজেল হোসেন।
এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
হুইলচেয়ার ও শ্রবণযন্ত্র পেয়ে আনন্দ প্রকাশ করেন শিক্ষার্থীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, এসব সহায়তা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত সহজ করার পাশাপাশি শ্রবণশক্তি ও শিক্ষা কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।