হবিগঞ্জের নবীগঞ্জে মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুস ছমেদ (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কুর্শি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর সকালে কুর্শি গ্রামের লিয়াকত আলী (৫০), তাঁর ভাই শওকত আলী (৪৫) ও লিয়াকত আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৪০) হামলার শিকার হন। এ ঘটনায় তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি মামলা করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে আব্দুস ছমেদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র আরও জানায়, আব্দুস ছমেদের বিরুদ্ধে অতীতে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ ছিল। ২০০৫ সালের দিকে ডাকাতির অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছিল বলেও দাবি করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, খবর পেয়ে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে আব্দুস ছমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টির অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।