প্রথমবারের মতো ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, হান্নান মাসউদ উপস্থিত ছিলেন।
ভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়ার ব্যাখ্যায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রাচারের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেছেন তিনি।
শহীদ মিনারে ফুল দেওয়ার পর সাংবাদিকেরা এ নিয়ে প্রশ্ন করেন জামায়াতের আমির শফিকুরকে। আগে কখনো আসেননি, কী মনে করে প্রথমবার ফুল দিতে এলেন—এক সাংবাদিকের এমন প্রশ্নে তিনি বলেন, ‘এবার রাষ্ট্রীয় আচার হিসেবে…এটা আমার দায়িত্ব। বিরোধীদলীয় নেতা হিসেবে আমাকে আসতে হবে আমার সঙ্গীদের নিয়ে। তাই আমি এসেছি।’
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটের পর শহীদ মিনারের বেদিতে জোটের নেতাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন জামায়াত আমির। এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানান।
এর আগে শুক্রবার রাতে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছিল— বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরের নেতৃত্বে ১১দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন। পাশাপাশি ভাষাশহীদদের কবর জিয়ারত করবেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।